
সিসি নিউজ।। দিনদুপুরে নীলফামারীর সৈয়দপুর প্লাজার দুই ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনায় ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ করেছেন মার্কেটটির ব্যবসায়ীরা। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কে সৈয়দপুর প্লাজা ও এসআর প্লাজার ব্যবসায়ীরা ওই কর্মসূচি শুরু করেন। বিকেল বিকেল ৫ট ওই কর্মসূচী চলে।
এ সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে চার শতাধিক ব্যবসায়ী সড়কে চেয়ার-টেবিল ও পাটি বিছিয়ে হাতে বিভিন্ন স্লোগান সম্মিলিত প্লেকার্ড নিয়ে অবস্থান নেন। ফলে শেরে বাংলা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন সৈয়দপুরস প্লাজার ব্যবসায়ী মোশাররফ হোসেন, মনির, হোসেন, রওশন মাহানামা, কুতুব উদ্দিন, মনোয়ার মনু, আতিক, আনোয়ার রাসেল নিজাম উদ্দিনসহ চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ইনফিনিক্স মোবাইল শো-রুমের আহাদ আহমেদ ও বিদ্যুৎ জুয়েলার্সের মো. আসিফ খান টিপুও বক্তব্য রাখেন। ব্যবসায়ীরা বলেন, উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ বাণিজ্যিক মার্কেটে দিনের বেলায় তালা কেটে চুরির ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়। মার্কেটের ব্যবসায়ীরা নিয়মিত বিভিন্ন ধরনের সার্ভিস ও নির্ধারিত খরচ বহন করে আসছেন। তাই মার্কেটের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার দায় প্লাজা কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না। চুরিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্বও কর্তৃপক্ষকে নিতে হবে বলে দাবি করেন তারা।
ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, মার্কেটের প্রকল্প পরিচালক গোলজার আশরাফীরও এ ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই। চুরির ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন বলে দাবি করেন ব্যবসায়ীরা। তাদের দাবি, চুরির ঘটনার স্পষ্ট সিসিটিভি ফুটেজ রয়েছে। ফুটেজে চোরদের গতিবিধি দেখা গেলেও এখন পর্যন্ত তাদের আইনের আওতায় আনা হয়নি। দ্রুত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা আরও বলেন, শুধু ক্ষতিপূরণ নয়, সৈয়দপুর প্লাজার প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসন, থানা পুলিশ ও মার্কেট কর্তৃপক্ষকে ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সঙ্গে কার্যকর আলোচনা করে দাবির বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অন্যথায় হরতালসহ আরও কঠোর কর্মসূচি এবং সৈয়দপুরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনকে সঙ্গে নিয়ে শহর অবরোধের হুঁশিয়ারি দেন তারা। অবরোধকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এর আগে গত ১৫ সেপ্টেম্বর সকালে সৈয়দপুর প্লাজার নিচতলায় ইনফিনিক্স মোবাইল শোরুম ও বিদ্যুৎ জুয়েলার্সে তালা কেটে চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছিলেন ব্যবসায়ীরা।
আজকের সড়ক অবরোধ কর্মসূচী ও চুরির ঘটনার সার্বিক বিষয় নিয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, প্রশাসন কিন্তু বসে নেয়। পুলিশের টিম নিষ্ঠার সাথে তদন্ত কাজ করে যাচ্ছে। আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে দৃঢভাবে বদ্ধপরিকর। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।