• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন |

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল

সিসি নিউজ ডেস্ক।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, মার্কেট ও শপিং মল। এতে প্রতিষ্ঠানগুলো বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে আসছে।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে আগের সূচি কার্যকর হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সুযোগ ছিল। তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানকে আবার বেলা ১১টা থেকে রাত ৮টার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।

চলতি বছর জ্বালানিসংকটের কারণে একাধিকবার দোকানপাট বন্ধের সময়সূচিতে পরিবর্তন আনা হয়। এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়।

এরপর কোরবানির ঈদকে সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। জুনে সেই সময়সীমা কমিয়ে রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নিয়ম চালু ছিল, যা দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে শিথিল করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ