• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন |

নিখোঁজের পরদিন পুকুরে মিলল মামা-ভাগনের মরদেহ

ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে উমর আলী (১৫) ও মিরাজ (১৩) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগনে। শনিবার দুপুরে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় তারা। পরে আজ রোববার ভোরে স্থানীয় একটি পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত উমর আলী উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব সরকারের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। মিরাজ একই গ্রামের ইমরান আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুরে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ফেরেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাতে স্থানীয় একটি পুকুর পাড়ে তাদের ব্যবহৃত দুটি সাইকেল পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দিঘিতে তল্লাশি শুরু করে। রাত দুইটার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে রোববার ভোরে অপর কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে, গোসল করতে বা খেলতে নেমে তারা পানিতে ডুবে মারা গেছে। এদিকে দুই কিশোরের মৃত্যুতে আমগাঁও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ