বিশেষ প্রতিনিধি।। ধর্ষণের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক তরুণীর কাছ থেকে দেড় লাখ টাকা আদায়ের পর আরও ১০ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণীর করা অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে ঠাকুরগাঁও সদর থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. রবিউল ইসলাম কুদ্দুস (৩৬) ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা। অভিযোগকারী ২২ বছর বয়সী এক তরুণীর সঙ্গে তাঁর পরিচয়ের সূত্র ধরে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে অভিযুক্ত তাঁকে ধর্ষণ করেন এবং মুঠোফোনে আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, ধারণ করা ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই তরুণীকে হুমকি দিতেন অভিযুক্ত। এভাবে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে মোট দেড় লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এরপরও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে আরও ১০ লাখ টাকা দাবি করেন তিনি। টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
তরুণীর অভিযোগ, ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। গত ১ অক্টোবর বিকেল চারটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় এক ব্যক্তির বাড়িতে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে অভিযুক্ত উপস্থিত ব্যক্তিদের সামনে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন তরুণী। তবে তাঁকে বিয়ে করতে রাজি হননি অভিযুক্ত।
এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার পর ২ অক্টোবর তরুণী ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ অভিযোগ গ্রহণ করেনি বলে তাঁর দাবি। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এতে প্রতিকার না পেয়ে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
আদালতের নথি অনুযায়ী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হামিদ গত ১৮ অক্টোবর অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। একই সঙ্গে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
পরে আজ শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও সদর থানায় মামলাটি নথিভুক্ত হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন,আদালতের নির্দেশনা পাওয়ার পর অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করে মামলা করা হয়েছে। মামলায় ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারাগুলো যুক্ত করা হয়েছে। অভিযোগের প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।