জয়পুরহাটে এতিম শিক্ষার্থীর মাঝে বৈদেশিক দাতা সংস্থার অনুদানসহ উপকরণ বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর এতিম খানা চত্বরে  ৪৬০ জন এতিম শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ। সংস্থাটির এ মানবিক উদ্যোগে বেশ খুশি শিক্ষার্থীরা।
সোমবার বিকালে  আয়োজিত এ কর্মসূচিতে সংস্থাটির তালিকাভুক্ত  ৪৬০ জন এতিম শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এর আগে শিশুদের বিনোদনের জন্য সুস্থধারার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া এসব অসহায় এতিম শিশুদের দীর্ঘ মেয়াদি  শিক্ষা ভাতাও প্রদান করছে ওই মানবিক সংস্থাটি।
শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও আনন্দময় করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন স্কুল ব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে তাদের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে।
আয়োজক সংশ্লিষ্টরা জানান, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করা এবং তাদের ভবিষ্যৎ গঠনে পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষার প্রয়োজনীয় উপকরণ ও শিক্ষা বৃত্তির অভাবে যেন কোনো শিশু পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম করা হচ্ছে বলে জানান স্থানীয় আয়োজকরা।
স্থানীয় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন দাতা সংস্থার স্থানীয় সাধারণ সম্পাদক মওলানা হাসান ফারুকী, এতিম বিভাগের প্রধান মওলানা মোস্তাফিজুর রহমান, কড়িয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক রাশেদুজ্জামান,  স্থানীয় বিএনপি নেতা আবদুল গফুর মন্ডল প্রমূখ।
স্থানীয় আয়োজকরা জানান, প্রতি বছর এতিম শিশুদের এ ধরনের শিক্ষা উপকরণ দেওয়া ছাড়াও এতিমরা স্বাবলম্বী না হওয়া পর্যন্ত প্রতিমাসে তাদেরকে  সর্বনিম্ন ৩ হাজার থেকে ১০-১২ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান হয়।  এছাড়াও প্রতি সরকারি ছুটিতে শিশুদের বাড়ি যাতায়াত খরচও  বহন করে ওই বৈদেশিক মানবিক সংস্থাটি।
এতিম শিশুদের শিক্ষা ও কল্যাণে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তাদের শিক্ষাজীবন আরও গতিশীল হবে।
তাই সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এসব এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, চিকিৎসা ও সার্বিক কল্যাণে এগিয়ে আসারও আহ্বান জানান স্থানীয় আয়োজকরা ।

Posted

in

,

by