শিক্ষা অফিস থেকে ২৪ শিক্ষকের সার্ভিস বই উধাও, দুই মাসেও মিলেনি খোঁজ

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৪ জন শিক্ষকের সার্ভিস বই খুঁজে পাওয়া যাচ্ছে না। সার্ভিস বই হারিয়ে যাওয়ায় ওইসব শিক্ষকের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক প্রাপ্তি, চাকরির নিশ্চয়তা ও জটিলতা দেখা দিয়েছে। দুই মাস ধরে সার্ভিস বই খুঁজে না পাওয়া ভুক্তভোগী শিক্ষকেরা দায়িত্বরত কর্মকর্তাদের দায়ী করছেন।

জানা যায়, গত দুই মাস ধরে শিক্ষকেরা তাদের সার্ভিস বই শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এসে খুঁজে পাচ্ছেন না। এতে চাকরির সুযোগ সুবিধা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে শিক্ষকদের।

সার্ভিস বই উধাও হওয়া শিক্ষকরা হলেন- বদি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস জেনি, দক্ষিণ সোনাখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবিনা ইয়াসমিন, বদি মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আয়শা সিদ্দিকা, উত্তর দুরাকুটি ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান, নিতাই গাংবের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাসি বেগম, বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেসমিন আক্তার, বড় ডুমুরিয়া মাইজালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চন্দনা রানী রায়, মেলাবর টটুয়ার ডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেলোয়ার হোসেন, পুটিমারি ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলিমুজ্জামান, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহানারা আক্তার, গনেশ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আইরিন আক্তার পারভীন, সয়রাগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মৌসুমি আক্তার, মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল খায়ের, মাগুড়া উচ্চ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইরিন বেগম, মাগুড়া দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুফিয়া আক্তার, চাঁদখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জোলেখা আক্তার, বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাসিরা সুলতানা, চাঁদখানা মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেলোয়ার হোসেন, গদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাহেদুল ইসলাম ও দিবা খাতুন, মধ্য রাজীব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জোবায়ের আলম, রুপালী কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাদিয়া ফারজানা, দক্ষিণ কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেলিম হোসেন এবং উত্তর রাজিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উম্মে হানি।

সরকারি চাকরিজীবীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির দলিল এই সার্ভিস বই কর্তৃপক্ষ ছাড়া অন্য করো ব্যবহার বা সংরক্ষণ করার সুযোগ নেই। একজন সরকারি চাকরিজীবীর ব্যক্তিগত তথ্য, পেশাগত তথ্য, আর্থিক সুবিধাদির সব বিবরণ সার্ভিস বইতে ধারাবাহিকভাবে চাকরির শুরু থেকে শেষদিন পর্যন্ত লিপিবদ্ধ থাকে। অথচ উপজেলা শিক্ষা অফিস থেকে ২৪ জন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের সার্ভিস বই উধাও হয়ে গেছে।

গদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপা খাতুন বলেন, আমি আজ রোববার শুনেছি আমার সার্ভিস বই নাই। এটি চাকুরীর একটি গুরুত্বপূর্ণ বই। আমাদের সব কাজে এটির প্রয়োজন হয়। এখন দেখি অফিস কর্তৃপক্ষ কি ব্যবস্থা করেন?

কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিয়া ফারজানা বলেন, আমরা যারা একসঙ্গে ২০২৬ সালে জয়েন করেছি ভেবেছিলাম সবার গুলো একসঙ্গে আছে। কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ শিক্ষা অফিসের দায়িত্ব এটি সংরক্ষণ করা। তিনি বলেন, নিখোঁজ সার্ভিস বুকের মধ্যে বিভিন্ন সময়ে যোগদানকারী শিক্ষকগণ রয়েছে।

পুটিমারি ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলিমুজ্জান বলেন, আমাদের সার্ভিস বই সংরক্ষণ করে অফিস সকল দায় দায়িত্ব তাদের। অফিস থেকে যারা ডেপুটেশনে কাজ করে দায়িত্ব তাদের। এখন তারাই সবাই বলতে পারবে বইগুলো কীভাবে হারিয়ে গেলো।

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মাহমুদা খাতুন বলেন, সার্ভিস বই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা প্রথমে নয়জন শিক্ষককে খোঁজার জন্য কমিটি করে দিয়েছিলাম। সেই কমিটির মাধ্যমে জেলার বিভিন্ন জায়গায় এগুলো খোঁজা হয়। তিনি বলেন, হিসাব সহকারী নাসরিন সুলতানার কাছে আলমারির চাবি ছিল, তিনি বদলী হয়ে জেলা অফিসে চলে গেছেন ৷

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের হিসাব সহকারী নাসরিন সুলতানা বলেন, গত ৩০ আগস্ট কিশোরগঞ্জ উপজেলা শিক্ষা অফিস থেকে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বদলি হয়ে আসার সময় দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চাবিসহ সব বুঝিয়ে দিয়ে এসেছি। চাবিটি উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. মাহমুদা খাতুনের কাছে হস্তান্তর করেছি। আমি যতটুকু শুনেছি শরিফ নামে একজন শিক্ষক বইগুলো বাসায় নিয়ে গেছেন।

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।