সিসি নিউজ।। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমী মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসার পরিচালক হাছান আলীকে (৬৯) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩।
রবিবার রাতে এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ডের শ্যামলী ট্রাভেলস বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাছান আলী ডাক্তার ঐ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ীর মোড় এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে।
মামলার এজাহারসূত্রে জানা যায় যে, প্রায় ৮ বছর পূর্বে ওই মাদ্রাসার আবাসিক শাখায় ভর্তি করে দেওয়া হয় ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা, মা কাজের খোঁজে ঢাকায় চলে যান। প্রতিমাসে তারা ঢাকা থেকে গাইবান্ধায় এসে মেয়ের সাথে দেখা করতেন এবং মাদ্রাসার খরচ দিয়ে যেতেন।
এদিকে মাদ্রাসা পরিচালক হাসান আলী ডাক্তার প্রায় ৬ মাস আগে থেকে ওই কিশোরীকে নানা ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিশোরী বিষয়টি তার বাবা-মাকে জানালে তারা ঐ পরিচালককে ফোন করেন। তখন তিনি মৌখিকভাবে ভুল স্বীকার করেন এবং এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বস্ত করেন।
গত ২৮ আগস্ট শুক্রবার ফজরের নামাজের পর সকাল ৬ টার দিকে পরিচালক তাকে মাদ্রাসা সংলগ্ন নিজ বাড়ীতে ডেকে নেন। এসময় পরিচালকের বাড়িতে প্রবেশ করা মাত্রই ওই কিশোরীর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে হাসান আলী ডাক্তার। এঘটনা অন্য কাউকে জানালে ওই কিশোরীকে হত্যাসহ লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। পরে ওই কিশোরী কৌশলে মোবাইল ফোনে ঢাকায় থাকা তার বাবা মাকে বিষয়টি জানালে কিশোরীর বাবা মা গত ৩১ আগষ্ট গাইবান্ধায় এসে ওই মাদ্রাসায় গিয়ে মেয়ের মুখে ঘটনা শুনে গত ১ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে দিবাগত রাতে জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে শ্যামলী ট্রাভেলস বাস কাউন্টারের সামনে থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি হাসান আলী ডাক্তারকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে সংশ্লিষ্ট সদর থানায় হস্তান্তর করা হয়।
গাইবান্ধা সদর থানার উপপুলিশ পরিদর্শক স্বপন কুমার রায় বলেন, এসআরবির গ্রেফতারকৃত ধর্ষণ মামলার আসামি মাদ্রাসার পরিচালক হাসান আলী ডাক্তারকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
