সৈয়দপুরে আহমেদ উড ক্রাফটের কর ফাঁকি মামলা ভিন্নখাতে নিতে সড়ক অবরোধ

সিসি নিউজ ডেস্ক।। নীলফামারী সৈয়দপুর রোডের কয়া গোলাহাট এলাকায় অবস্থিত আহমেদ উড ক্রাফট ও আহমেদ পার্টিকেল বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিডেট এর বিরুদ্ধে প্রায় ১৬৯ কোটি টাকার কর ফাঁকির ঘটনায় ৫টি মামলা হয়েছে। ২০২৩ সাল থেকে মামলার এ চলমান প্রক্রিয়ায় শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, উৎপাদন ও বিক্রির তথ্য গোপন রাখার অভিযোগ উঠে। অভিযানে গেলে প্রতিষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা নানাভাবে অসহযোগিতা ও হেনস্থা করে কাস্টম কর্মকর্তাদের। পরে তারা সেখান থেকে ৫টি ল্যাপটপ, ২টি সিপিইউ, কিছু টালি খাতা ও মেমো বই নিয়ে পুলিশের সহযোগিতায় চলে আসেন। এই ঘটনাকে কেন্দ্র করে মালিক পক্ষের উস্কানিতে তাদের নিজস্ব শ্রমিক দিয়ে শনিবার (৫ নভেম্বর) বিকেলে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। পরে স্থানীয় লোকজন ও আটকেপড়া যানবাহনের চালক-হেলপারদের প্রতিরোধে ভেস্তে যায় জনভোগান্তির ষড়যন্ত্রমুলক সেই কর্মসূচী। শুক্রবার (৬ নভেম্বর) নীলফামারী জেলা প্রশসাক কার্যালয়ের নীলফামারী জেলা প্রশাসন, কারখানা কর্তৃপক্ষ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানেও জব্দ তালিকায় স্বাক্ষর করে তাদের জিনিসপত্র গ্রহণে পুণরায় অস্বীকৃতি জানায় কারখানা প্রতিনিধি।

অনুসন্ধানে জানা গেছে, নীলফামারী সৈয়দপুর রোডের কয়া গোলাহাট এলাকায় অবস্থিত আহমেদ উড ক্রাফট এর বিরুদ্ধে ২ কোটি ৮৮ লাখ টাকার কর ফাঁকির ঘটনায় প্রথম মামলা হয়। যার নং ০৩/২০২৩। একই মালিকানার আহমেদ পার্টিকেল বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিডেট এর বিরুদ্ধে ৬ কোটি ৫ লাখ টাকার মুসক মামলা হয়। যার নং ০২/২০২৬। পর্যায়ক্রমে আরও তিনটি মামলা হয়, যার টাকার পরিমাণ প্রায় ১৬৯ কোটি টাকা।
রংপুর কাস্টম অফিস সুত্রে জানা গেছে, আহমেদ উড ক্রাফট ও আহমেদ পার্টিকেল বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিডেট এর শতকোটি টাকার রাজস্ব ফাঁকি, উৎপাদন ও বিক্রির তথ্য গোপন করতে তাদের কারখানায় একটি বিশেষ লুকায়িত অফিস রয়েছে। এই গোপন সংবাদের ভিত্তিতে চলতি মাসের বুধবার (৪ নভেম্বর) ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন’ ২০১২ এর ধারা ৮৩ এর ক্ষমতাবলে সহকারী কমিশনারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি ভ্যাট ফাঁকি দিতে দীর্ঘদিন থেকে পণ্যের প্রকৃত উৎপাদন ও বিক্রির পরিমাণ গোপন করার পাশাপাশি পণ্যের মূল্যও কম দেখিয়ে আসছিল। প্রায় ১৬৯ কোটি টাকার কর ফাঁকির ঘটনায় ৫টি মামলা চলমান থাকার পরও সঠিক পরিমাণে ভ্যাট পরিশোধ না করে সরকারের রাজস্ব ফাঁকি দিতে নানা কৌশল অবলম্বন করেন। ভ্যাট নিবন্ধন গ্রহন করার সময় প্রতিষ্ঠান দুটির যাবতীয় লেনদেনের জন্য ৪টি ব্যাংক এ্যাকাউন্টের তথ্য দিলেও অনুসন্ধানে ৩৪টি ব্যাংক এ্যাকাউন্ট নম্বরে গোপন লেনদেনের তথ্য পায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর কার্যালয়।
চলতি মাসের বুধবার (৪ নভেম্বর) কমিশনারেট এর সহকারী কমিশনারের নেতৃত্বে কারখানাটিতে অভিযানে যায় ভ্যাটের প্রিভেনটিভ দল। তারা সেখানে গিয়ে ছোট ও চিকন সিঁড়ি ব্যবহার করে তৃতীয় তলায় একটি গোপন অফিস ব্যবহার করেন। সেখানে অভিযানিক দল যেতে চাইলে কারখানায় উপস্থিত কর্মকর্তারা শ্রমিক দিয়ে নানান হয়রানি ও হেনস্থা এবং ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। এরপরও অভিযানিক দলটি গোপন সিঁড়ি বেয়ে সেই কার্যালয়ে প্রবেশ করেন। সেখান থেকে ল্যাপটপ ৫টি, সিপিইউ ২টি, টালি খাতা ১৭টি, মেমো বই ১৮টি, ক্লিপ ফাইল ১০টি, ফাইল কভার ১৩৫টি নিয়ে ক্রোকি বা জব্দ তালিকা করেন। ক্রোক বা জব্দ তালিকায় নাম লিখেন মোঃ আমিন হোসেন, সহকারী ব্যবস্থাপক আহমেদ উড ক্রাফট প্রাঃ লিঃ ইউনিট-১। তবে তিনি সে সময়ে ওই জব্দ তালিকায় নিজেও স্বাক্ষর করেননি বা অন্য কাউকে স্বাক্ষর করতে দেননি। পরে কাস্টমস কর্র্তৃপক্ষ বাধ্য হয়ে জব্দ তালিকা তাদের অফিস রুমের টেবিলে রেখে জব্দকৃত মালামাল নিয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতায় রংপুরে চলে আসেন। পরবর্তীতে কারখানারটির দাবি অনুযায়ী শ্রমিকদেও বেতনভাতা সংশ্লিস্ট ল্যাপটপ ও দলিলাদি ফেরত নেওয়ার জন্য কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর সদর দপ্তরে সন্ধ্যা ৭টার দিকে কারখানাটির ৩জন প্রতিনিধি আসেন। কাস্টমস কর্তৃপক্ষও সম্মত হন ফেরত দিতে, তবে কারখানার প্রতিনিধিরা স্বাক্ষরপূর্বক ডিভাইস ও দলিলাদি নিতে অস্বীকৃতি জানিয়ে সদর দপ্তর ত্যাগ করেন। পরের দিন আবারও কাস্টমস অফিস ডিভাইস ও দলিলাদি নিয়ে যেতে কারখানাটির ই-মেইলে পত্র প্রেরণ করেন।
এই ঘটনাকে ভিন্নখাতে ব্যবহার করতে এবং নিজেদের অপরাধ ঢাকতে শ্রমিকদের ব্যবহারের উদ্যোগ নেয় কারখানাটির কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে (৫ নভেম্বর) বৃহস্পতিবার বিকলে কারখানা সংলগ্ন কামারপুকুর ধলাগাছ এলাকায় মালিকপক্ষের পরিকল্পনায় শ্রমিকদের লেলিয়ে দেওয়া হয় সড়কে। আন্দোলনকারীদের সরবরাহ করা হয় লাল রঙের টিশার্ট ও লিখিত স্লোগান। শ্রমিকদের বলা হয় কাস্টমস সব কাগজপত্র ও ল্যাপটপ নিয়ে যাওয়ায় এমাসে তোমাদের বেতন দেওয়া সম্ভব হবেনা। তাই আন্দোলনের মাধ্যমে প্রশাসনকে বাধ্য করে জব্দকৃত কাগজপত্র ও ল্যাপটপ ফেরত আনতে হবে। এর প্রেক্ষিতে শ্রমিকরা ফ্যাক্টরী থেকে বেরিয়েই গেটের সামনে সৈয়দপুর বাইপাস রংপুর-দিনাজপুর মহাসড়কে বসে পড়ে। প্রায় ২ ঘন্টা ধরে তারা সড়ক অবরোধ করে রাখেন। এসময় তারা বেতন পেতে নথিপত্র ফেরত দেওয়ার দাবি জানান। পরে এলাকার লোকজন ও ভোগান্তির শিকার শত শত গাড়ির চালক ও হেলপাররা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। এতে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়। এসময় এলাকাবাসী শ্রমিকদের বলেন, তোমরা বেতনের জন্য মালিককে না ধরে এভাবে সড়কে এসে সাধারণ মানুষকে দূর্ভোগে ফেলেছো। তোমাদের মালিক ভূল বুঝিয়েছে। এটা তাদের মিথ্যে অজুহাত। মালিক ইচ্ছে করলেই বেতন দিতে পারেন। তোমরা মালিকের কাছেই দাবি জানাও। পরে শ্রমিকরা তাদের ভুল বুঝতে পারে এবং কর্মসূচী শেষ করেন।

এ বিষয়ে শুক্রবার ৬ নভেম্বর নীলফামারী জেলা প্রশসাক কার্যালয়ের হলরুমে নীলফামারী জেলা প্রশাসন, কারখানা কর্তৃপক্ষ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিকদের বেতন বিষয়ে শ্রমিকদের তালিকা বা বেতন লিস্ট প্রসঙ্গে আবার ল্যাপটপ বা অন্যান্য ডকুমেন্ট নিতে জব্দ তালিকায় স্বাক্ষর দিয়ে নিতে পুণরায় অস্বীকৃতি জানায় কারখানা প্রতিনিধি। শেষে নীলফামারী প্রশসানের পক্ষ থেকে কারখানার শ্রমিক তালিকা বা অন্যান্য ডকুমেন্ট পেন্টড্রাইভে অথবা প্রিন্ট করে নেওয়ার কথা বলা হলেও সেটাতে তারা রাজি না হয়ে চলে যান। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সাইদুল ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাজ ফাতেহা তাকলিম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কারখানার জিএম মন্টু, ম্যানেজার আলমগীর, কাস্টমসের ডেপুটি কমিশনার সাহাবুদ্দিন, সৈয়দপুর রাজস্ব কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা।
আহমেদ প্লাইউড কোম্পানির মহাব্যবস্থাপক এ কে এম সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা শ্রমিকদের সড়কে নামাইনি। বরং কাস্টমস ইচ্ছেকৃতভাবে আমাদের উপর অন্যায় করেছে। মূলত: সরকারকে বিব্রত করতেই কাস্টমস এর ভেতরে থাকা সরকার বিরোধীরা এমন করেছে। এজন্য আমরা শ্রমিকদের বেতন দিতে পারছিনা। তাই শ্রমিকরা আন্দোলন করছে। কাস্টমসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে এভাবে শ্রমিকদের উস্কে দিয়েছেন কেন? জানতে চাইলে তিনি বলেন, সেটা তো অনেক সময়ের ব্যাপার।

সার্বিক বিষয়ে রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিস এর সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) মোঃ হাবিবুল ইসলাম জানান, আমরা বিধি অনুযায়ী আহমেদ উড ক্রাফট ও আহমেদ পার্টিকেল বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিডেট এর বিরুদ্ধে প্রায় ১৬৯ কোটি টাকার কর ফাঁকির ঘটনায় ৫টি মামলা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রাজস্ব ফাঁকি, উৎপাদন ও বিক্রির তথ্য গোপন রাখার বিষয়ে আমরা অভিযানে যাই। সেখানে কর্মকর্তাদের নানাভাবে নাজেহাল করে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় ডিভাইস ও দলিলাদি নিয়ে আসে অভিযানিক দল। এরপর কারখানাটির পক্ষ থেকে শ্রমিকদের বেতনের লিস্ট ও অন্যান্য হিসাব আছে জানালে, আমরা তা ফেরত দিতে সম্মত হই এবং তারা সদর দপ্তরে আসেন। তবে তারা স্বাক্ষর দিয়ে মালামাল ফেরত নিতে অস্বীকৃতি জানিয়ে চলে যায় এবং শ্রমিকদের সড়কে নামিয়ে আন্দোলন করায়।

উৎস: দৈনিক বায়ান্নর আলো

by