সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

সিসি নিউজ।। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে আব্দুর রাজ্জাক (৫৩) নামে এক স্কুল শিক্ষক এক যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার শাহাপাড়া গ্রামের মৃত সফিয়ার রহমানের পুত্র। তিনি ওই এলাকার প্রামাণিকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আজ সোমবার (৯ নভেম্বর) ভোরে আনুমানিক ৩টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে স্টপেজ শেষে চিলাহাটির উদ্দেশ্যে পুনরায় রওনা করার পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনের দরজার সাথে দাঁড়িয়ে ছিলেন যাত্রী মো. আব্দুর রাজ্জাক (৫৫)। সৈয়দপুর রেলওয়ে স্টেশন হতে আনুমানিক ৩০০ গজ উত্তর দিকে আউট সিগন্যালের কাছে এ সময় অসাবধানতাবশত তিনি চলন্ত ট্রেন হতে নিচে পড়ে যান। এতে তার মাথায় এবং বাম হাত ও বাম পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রেলওয়ে পুলিশ তৎক্ষণাৎ গুরুতর জখমপ্রাপ্ত ওই যাত্রীকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। সেখানে সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের স্বজনরা জানান, আব্দুর রাজ্জাক ঢাকা থেকে অসুস্থ্য ছেলে সারোয়ার হোসেন সাহেবকে নিয়ে ট্রেনযোগে নিজ বাড়ীতে ফিরছিলেন। সারোয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একটি কোচিং করছিলেন। গত দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন।
এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

by