বিশেষ প্রতিনিধি।। পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সাকোয়া ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত তিন শিক্ষার্থীকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতরা হলেন, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) এবং ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৭)। এ ঘটনায় আহত শিক্ষার্থী হলেন সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে রাব্বি (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিক্ষার্থী প্রাইভেট পড়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সাহাপাড়া এলাকা থেকে তাকওয়া বাজারের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউনুল মন্ডল ঘটণার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থী নিহত
by