খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ইউনিয়ন পরিষদ ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির আয়োজনে কিশোর-কিশোরীদের নিয়ে শিশু বিবাহ প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার গোয়ালডিহি সেন্টারডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকবর আলী শাহ্’র সভাপতিত্বে শিশু বিবাহ প্রতিরোধ সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অঞ্জন কুমার কুন্ডু। সভায় বক্তারা শিশু বিবাহের কারণ, কুফল, শিশু বিবাহ প্রতিরোধ আইন ও প্রতিকারের উপায়সহ গত তিন মাসে এলাকায় ঘটে যাওয়া শিশু বিবাহ সম্পর্কে বিশদ আলোচনা করেন। বক্তারা বলেন, খানসামা উপজেলায় শিশু বিবাহ প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে) ২০১২ সাল থেকে নিরলস ভাবে কাজ করছে। আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদেরকে শিশু বিবাহ প্রতিরোধে সহযোগিতার আহ্বান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য নুরবানু বেগম, প্রধান শিক্ষক আফজাল হোসেন শাহ্, এসইউপিকে’র পিও খায়রুল আলম, সিএফ নাজমা আক্তার ও প্রশান্ত রায়সহ বিদ্যালয় কমিটির সদস্য ও সহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।