কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে এক যুবলীগ নেতাকে কুপিয়ে করে হত্যা করা হয়েছে। নিহত মুজিব উল্লাহ (২৫) কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোর ৪টার দিকে একদল দুর্বৃত্ত মুজিবের বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে মুজিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দুপুর ১ টায় তার মৃত্যু হয়। দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন মুজিব উল্লাহ’র পিতা আবুল হাশেম (৫৫)।
নিহতের বড় ভাই স্থানীয় দৈনিক কক্সবাজার এর সাংবাদিক সৈয়দুল কাদের জানিয়েছেন, ২০/২৫ জন অস্ত্রধারি তার বাড়িতে ঢুকে তার ভাইকে এলোপাতারি কুপিয়ে জবাই করে। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন তার পিতাও। তিনি বলেন, আহত অবস্থায় মুজিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।
আহত পিতাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। সাংবাদিক সৈয়দুল কাদের অভিযোগ করে বলেন, স্থানীয় সন্ত্রাসীদের কর্মকাণ্ডের প্রতিবাদ এবং ডাকাত প্রতিরোধ কমিটি গঠন করায় মুজিব হত্যা করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়,মহেশখালী উপজেলা নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ কালারমারছড়া ও হোয়ানক এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। আগামী ১ মার্চকে টার্গেট করে দূর্ধর্ষ সন্ত্রাসীরা আবারো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে ইতোমধ্যে ৩টি সন্ত্রাসী গ্রুপ তাদের হয়ে কাজ করছে। হোয়ানক এলাকার খলিল বাহিনীর বেশ কয়েকজন ক্যাডার ও সহ ২০ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী রীতিমত এলাকায় আধিপত্যের বিস্তার করে চলছে। তারাই মূলত এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী সূত্রে প্রকাশ।