যশোর: যশোরের ছোট আঁচড়া গ্রামে এখনও থামেনি শোকের মাতম। সোমবার সকালে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিহত ৭ শিক্ষার্থী স্মরণে শোক প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে বাস দুর্ঘটনার চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ওই বাসে থাকা ২ শিক্ষার্থী। তারা জানায়, বাসটি নিয়ন্ত্রণ হারানোর পর চালক ও হেলপার বাসের আলো নিভিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, ৪০ জন ধারণ ক্ষমতার বাসে ৭৪ শিক্ষার্থীসহ ৯০ জনকে গাদাগাদি করে নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া ছোট্ট এক শিশু মর্মান্তিক এ দুর্ঘটনার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।
শনিবার রাতে পিকনিক থেকে ফেরার পথে বাসটির নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাসের চালক ও তার সহযোগী গাড়ির লাইট বন্ধ করে পালিয়ে যায়। তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিন শিক্ষার্থী আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর মারা যায় আরও ৪ জন।
এদিকে ৪০ আসনের বাসে শিক্ষার্থীসহ ৯০ জন যাত্রী ছিল বলে জানান একজন শিক্ষক। আর সেই ছোট বাসে গাদাগাদি করে বসে শিক্ষার্থীরা।
এদিকে অভিভাবকরা বড় বাস নেয়ার পরামর্শ দিলেও শিক্ষকেরা তা শোনেনি বলেও অভিযোগ শিক্ষার্থীদের। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়ের ছাত্ররা ভাল ফলাফল করায় শিক্ষার্থীদের উৎসাহ দিতেই মুজিবনগরে পিকনিকে নিয়ে যাওয়া হয়।
এর আগে সোমবার সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি করে শিক্ষার্থী ও শিক্ষকেরা। এরপর নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দোয়া দরুদ পাঠ ও মোনাজাতের মধ্য দিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।