রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগ নেতাদের ব্যবহৃত একটি অস্ত্রসহ তরিকুল ইসলাম তার (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর মহিষবাথান এলাকা থেকে তাকে আটক করে।
তরিকুল রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকার মুন্না শেখের ছেলে। তিনি চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে তরিকুলকে আটকের পর তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। বর্তমানে তাকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ভূঁইয়া বলেন, ‘আটক তরিকুল পুলিশে কাছে স্বীকার করেছে, উদ্ধার হওয়া পিস্তলটি রাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের একজনের কাছ থেকে পাওয়া। আটক তরিকুল আরো জানিয়েছে, অস্ত্রটি তার একজন ঘনিষ্ঠ বড় ভাইয়ের।’
ওসি জানান, তরিকুলের দেয়া তথ্যের ভিত্তিতে এই অস্ত্রের প্রকৃত মালিকের সন্ধানে নেমেছে পুলিশ।
উল্লেখ্য, বর্ধিত ফি ও সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর গত ২ ফেব্রুয়ারি অস্ত্রহাতে হামলা চালায় ছাত্রলীগ। ঐ দিন অন্তত দুই শতাধিক শিক্ষার্থী অহত হয়। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে ছাত্রলীগ।
উৎস: বাংলামেইল২৪