নরসিংদী: জেলার পলাশ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী এম এ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সেকান্দরদী দক্ষিণপাড়া এলাকার আবু তাহের ছেলে শরীফুল ইসলাম (২৭) ও নান্নু মিয়ার ছেলে এনামুল হক (২২)। তারা দু’জনেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের সমর্থক।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ফিরোজ আহম্মেদ মুন্সী বাংলামেইলকে বলেন, ‘ভোটকেন্দ্রের বাইরে আটককৃতদের গতিবিধি দেখে সন্দেহ হলে তাদের তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পলাশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সৈয়দ জাবেদ হোসেনের সমর্থক হিসেবে দাবি করেছেন।
উৎস; বাংলামেইল