নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর শিক্ষক নেতা মফিজ উল ইসলাম(৭৫) ইন্তেকাল করেছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের মাস্টারপাড়ায় অবস্থিত নিজ বাড়িতে তিনি হৃদ যন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।(ইন্না লিল্লাহে…রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ৩মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় তার জীবনের বেশির ভাগ সময় অতিবাহিত কর্মস্থল উত্তরা ইপিজেড সংলগ্ন সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা এবং জোহরের নামাজের পর নীলফামারী ডাকবাংলো ঈদগাঁহ মাঠে জানাযা শেষে তাকে ডাকবাংলো কবরস্থানে দাফন করা হবে।
নীলফামারী পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন জানান, মফিজ উল ইসলাম সর্বশেষ সোনারায় সংগলশী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এছাড়া তিনি বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট রংপুর বিভাগীয় কমিটি এবং নীলফামারী জেলা সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।