সিসি নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন সরকার ওরফে ভজে দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর পৌরসভাস্থ নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওই ঘোষণা দেন।
তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, বুধবার অনুষ্ঠিত সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় সমর্থিত প্রার্থী বিএনপি’র সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার পরাজিত হয়েছেন। দলের এ ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। তিনি জানান, পদত্যাগ পত্রটি জেলা বিএনপি’র সভাপতি বরাবরে পাঠানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে এ সময় দলের কোন নেতাকর্মী উপস্থিত ছিলেন না। উল্লেখ্য যে, ওই নির্বাচনে আ’লীগের সৈয়দপুর পৌর শাখার সভাপতি জাওয়াদুল হক সরকার ৫২ হাজার ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। তিনি পেয়েছেন ৪৬ হাজার ৭২১ ভোট।