ঢাকা: প্রতিবছরের মতো এবারও একুশের প্রথম প্রহরে রাতের নিস্তব্ধতা ভেঙে জেগে উঠেছিল দেশের মানুষ। গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করেছে পুরো জাতি।
একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান এডভোকেট। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা দুজনই কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানান। এ সময় বেজে ওঠে অমর একুশের গানের করুণ সুর।
এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি দলীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া জাতীয় সংসদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মো. নাসিমের নেতৃত্বে ১৪দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বিরোধীদলের পক্ষে জাতীয় পার্টির নেতা রওশন এরশাদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পরপরই তিন বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরা।
এর আগে রাত ১১টা ৫২ মিনিটে শহীদ মিনারে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।