পাবনা: পাবনা-পাকশী সড়কে মাধপুর নামস্থানে ছিনতাইকারীরা এক যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নাহিদ হোসেন (৩৫)। সে শহরের আটুয়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। সদর থানার এসআই আব্দুস সালাম জানান, নিহত নাহিদ পাকশী থেকে পাবনা শহরের বাসায় ফেরার সময় মাধপুর এলাকার টেপাগাড়ী ব্রিজের কাছে পৌঁছালে ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা গাছের সাথে রশি বেঁধে তার গতিরোধ করে। এরপর তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে তার ডিসকভারী মোটরসাইকেল নিয়ে সটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সংবাদ পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।