ঢাকা: দশম সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ রোববার এই তফসিল ঘোষণা করেন।
একইসঙ্গে টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচন ২৩ মার্চ থেকে পিছিয়ে ২৯ মার্চ নেয়া হয়েছে।
সিইসি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ। ৬ মার্চ যাচাই বাছাইয়ের পর ১২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ মার্চ।
ইসি কর্মকর্তারা জানান, ভোটের জন্য একটি দিন রাখা হলেও ফল জানা যায় তার আগেই। ৫০টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে দল ও জোটগতভাবে সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়া হবে বলে প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।