গাজীপুর: ময়মনসিংহের ত্রিশালে পুলিশ হত্যা করে জেএমবির তিন সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রোববার সন্ধ্যায় গাজীপুর পুলিশের এক পরিদর্শককে প্রত্যাহার ও এক ফোর্স সুবেদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার মো. আব্দুল বাতেন জানান, দায়িত্বে অবহেলার জন্য গাজীপুর পুলিশ লাইনের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) সাইদুল করিমকে প্রত্যাহার এবং ফোর্স সুবেদার আব্দুল কাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, রোববার সকালে কাশিমপুর কারাগার থেকে জেএমবির তিন সদস্যকে ময়মনসিংহের আদালতে নেওয়ার পথে ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে ওই তিন সদস্যকে ছিনিয়ে নেয় জেএমবির সদস্যরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য (আতিকুল ইসলাম) নিহত এবং দুইজন আহত হয়।