রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারীতে জমি সংক্রান্ত সংঘর্ষে এক কলেজ ছাত্র খাজা মঈনুদ্দীন (২০) খুন হয়েছেন।প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে শেরপুর এলাকায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান। তার লাশ ফেরত এনে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ। খাজা মঈনুদ্দিন (২০) রৌমারীর ফুলুয়ার চর গ্রামের বাহাদুর মিয়ার পুত্র। এ ব্যাপারে পুলিশ নবীন হোসেন ও তার পুত্র সাহেব আলীকে গ্রেফতার করেছে।
জানা গেছে, নবীন ও বাহাদুর একই জমি বর্গা নিয়ে কলাই চাষ করেন। শনিবার সকালে উভয় পক্ষ কলাই তুলতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। রোববার আবারও কলাই তুলতে গেলে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে শিশুসহ উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়। আহতদের রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মঈনুদ্দিনের অবস্থা আশংকাজনক হলে ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করেন। ময়মনসিংহ নেয়ার পথে শেরপুরে তিনি মারা যান।
এ ব্যাপারে রৌমারী থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দু’ব্যক্তি আটক করা হয়েছে।