ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করার সময় পোলিং অফিসারকে আটক করা হয়েছে।
সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই পোলিং অফিসারকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা যায়, উপজেলার হবিরবাড়ি আমতলী সাবিহা সুলতানা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক পোলিং অফিসার জলিলুর রহমান (৩৫) বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষে রোববার রাতে ভোট কিনতে গিয়ে স্থানীয় এলাকাবাসির হাতে আটক হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় সোমবার সকালে ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমান তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন।