ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সোনার ওজন চার কেজি ৬০০ গ্রাম; যার বাজারমূল্য দুই কোটি ১০ লাখ টাকা। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের ৫ নম্বর বেল্টের শৌচাগারের ভেতরে পরিত্যক্ত অবস্থায় এসব সোনা পড়ে ছিল।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ানের জ্যেষ্ঠ সহকারী সুপার মো. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে ৫ নম্বর ফটকের একটি টয়লেটের ফ্ল্যাশের ভেতরে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পরেননি তারা।
ছয় দিন আগে গত ১৯ ফেব্রুয়ারি এ বিমানবন্দরে এক পরিচ্ছন্নতাকর্মীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকার ৪০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। পরদিন দুটি পৃথক চালানে আসা আরো ২১ কেজি স্বর্ণের বার আটক হয় শাহজালালে।
এর মধ্যে একটি ঘটনায় ১০ কেজি স্বর্ণসহ আটক হন সাইফুল ইসলাম নামে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তাকর্মী। আর এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটের বোর্ডিং ব্রিজে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৫ কোটি টাকার ১০০টি সোনার বার।