ঢাকা: দশম জাতীয় সংসদের মন্ত্রিসভায় জাতীয় পার্টির আরো দুই সদস্য যোগ দিচ্ছেন বলে জানা গেছে। এরা হলেন- সাবেক মন্ত্রী জি এম কাদের ও এ বি এম রুহুল আমীন হাওলাদার। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে রাতে জি এম কাদের বলেন, তিনি বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনছেন। তবে তিনি এখনো কোনো আমন্ত্রণ পাননি। একই কথা বলেছেন এ বি এম রুহুল আমীন হাওলাদারও। তারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা নিশ্চিত করা যায়নি। বিগত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকারের ৪৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী শপথ নেন গত ১২ জানুয়ারি। এরমধ্যে জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙ্গা ও মজিবুল হক চুন্নু বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
এর সঙ্গে যুক্ত হচ্ছেন জি এম কাদের এবং এ বি এম রুহুল আমীন হাওলাদার। এছাড়াএ দলের চেয়ারম্যান এরশাদ মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে।
অপরদিকে জাতীয় পার্টির জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ সংসদের বিরোধী দলের নেতা হিসাবে দায়িত্ব পালন করছেন। সংসদে দলটির ৩৩ জন সাংসদ রয়েছে।