হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে বিমল ডিউ (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তাঁরই প্রতিবেশী। মঙ্গলবার রাতে উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত বিমল তেলিয়াপাড়া মিশন লাইন এলাকার মধু ডিউর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়াপাড়া চা বাগান স্টলে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে বিমলের সঙ্গে প্রতিবেশী তমাস সাংমার ছেলে সুমন সাংমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিমলকে চড়-থাপ্পরও দেন সুমন। এ ঘটনায় রাত ১০টার দিকে স্থানীয় পাদ্রির কাছে বিচার দেয় বিমল। পরে সেখানে উপস্থিত হয়ে সুমন দা দিয়ে বিমলের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করেছেন মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিনুল হক।