আন্তর্জাতিক ডেস্ক: সমন অগ্রাহ্য করায় সাহারার কর্ণধার সুব্রত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল সুপ্রিম কোর্ট। অন্য একটি মামলার শুনানিতে সুব্রত রায়কে বুধবার আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছিলেন শীর্ষ আদালত। সাহারার প্রধান উপস্থিত না হওয়ায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
ভারতে সাহারা রিয়েল এস্টেট ও সাহারা হাউজিং এর বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয়ার জন্য বাজার নিয়ন্ত্রক সংস্থার সেবি-কে ২৫ হাজার কোটি টাকা দিতে গত বছর আগস্টে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশ সাহারা অমান্য করছে, এই অভিযোগে সুব্রত রায় ও সাহারার অন্য কয়েকজন কর্মকর্তা শঙ্কর দুবে, অশোক রায় চৌধুরী এবং বন্দনা ভার্গবকে বুধবার সুপ্রিম কোর্টে হাজিরা দেয়ার নির্দেশ দেন বিচারপতি কেএস রাধাকৃষ্ণন ও জেএস খেহারের ডিভিশন বেঞ্চ।
সুব্রত রায়ের ৯৫ বছর বয়স্ক মায়ের অসুস্থতার কথা বলে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই চান সাহারাশ্রী। কিন্তু তার আইনজীবী রাম জেঠমালানির এই আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অমান্য করার দায়ে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।