সিসি নিউজ: এলাকার মানুষের উন্নয়নের জন্য সারাদিন তদবিরের ওপরেই থাকি। আজ সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সুপারিশ করেছি। এছাড়াও মোট ১২ জনের জন্য বিভিন্ন চাকরির তদবির করেছি। আশা করি, তাদের চাকরি হয়ে যাবে।
কথাগুলো জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়ার। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে রংপুর বিভাগ সমিতি আয়োজিত ‘রংপুর বিভাগ উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রংপুরের মানুষকে এখন আর কেউ মফিজ বলে না। শিক্ষা যোগাযোগে উন্নয়নসহ অনেক ক্ষেত্রে উন্নতি করেছি।
ঢাকায় নিজে পড়াশোনা করার সময় ঢাকায় রংপুরের লোক খুঁজে পাওয়া যেত না উল্লেখ করে তিনি বলেন, এখন অনেক ছেলে-মেয়ে ঢাকাতে পড়ালেখা করে।
কর্তৃত্ববিহীন নেতৃত্ব দিয়ে কিছু হয় না উল্লেখ করে ফজলে রাব্বি বলেন, ‘আগে এক সময় আমাদের হাতে কর্তৃত্ব ছিল কিন্তু নেতৃত্ব ছিল না। এখন আমাদের কর্তৃত্বও আছে, নেতৃত্বও আছে। আমি রংপুরের, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী সবাই রংপুর থেকে নির্বাচিত। তাই রংপুরের উন্নয়ন অবশ্যই হবে। এটার কোনো বিকল্প নাই।’
রংপুর-দিনাজপুরবাসী নোয়াখালী, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় চাল না দিলে তারা উত্তরবঙ্গের মানুষের কাছে মাথা নত করতে বাধ্য বলে দাবি করেন তিনি।
তিনি জানান, রংপুর বিভাগের উন্নয়নে বিভাগের ৩৩ জন সংসদ সদস্য নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংগঠনের সভাপতি আলহাজ্জ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য মো. মোতাহার হোসেন প্রমুখ।