সিসি নিউজ: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৫টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, দ্বিতীয় দফায় ১১৭ উপজেলার তফসিল ঘোষণা করলেও ভোট হচ্ছে ১১৫টি উপজেলায়। বাকি দুটির মধ্যে কক্সবাজারের মহেশখালী উপজেলার নির্বাচন ১ মার্চ অনুষ্ঠিত হবে। অন্যদিকে, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে হাইকোর্টের আদেশে চাঁদপুরের হাইমচর উপজেলার নির্বাচন বন্ধ রাখা হয়েছে। পর্যায়ক্রমে আগামী ৩১মার্চের মধ্যে দেশের ৪৮৭ টি উপজেলায় নির্বাচন সম্পন্ন করা হবে। এরমধ্যে গত ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় ৯৮টি উপজেলায় শন্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে আজ ১১৫ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশনের ৫জন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাসহ প্রতি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে নির্বাচন কমিশন অফিস জানিয়েছে।
উপজেলা গঠনের পর এবারই প্রথম কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০০৯ সালে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন এবং ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচন এবং ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন এক সাথে একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়।