সিসি ডেস্ক: ভোলার বোরহানুদ্দিন উপজেলায় ভোট শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদেরকে মারধরের অভিযোগ উঠেছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর সোয়া আটটার মধ্যেই দেউলা ইউনিয়নের মনোয়ারা মহিলা মাদ্রাসা কেন্দ্রের এজেন্টদেরকে বের করে দেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সাচড়া ইউনিয়নের সকল কেন্দ্রে বিএনপি সমর্থক এজেন্টদের বের করে দেয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদেরকে মারধর করেছে বলেও তারা জানিয়েছেন। যেসব এজেন্ট বের করে দেয়া হয়েছে তাদের কয়েক জনের নাম জানা গেছে। তারা হলেন পোলিন মোল্লা, জাহাঙ্গীর খান, ফজলুল হক শরীফ, মাসুদ বাবুর্চি, বাবুল পাচারি। এর মধ্যে পোলিন মোল্লা ও বাবুল পাচারি গুরুতর আহত হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে নালিশ করলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন।