সিসি নিউজ: মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচনে সিন্দুরকোটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অপরাধে দুই আওয়ামী লীগ কর্মীকে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ দণ্ডাদেশ প্রদান করেন মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা শবনম। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেনের ভ্রাম্যমান আদালতে কষবা ও বাশবাড়ীয় কেন্দ্রের বাইরে তিন জনকে ৪১ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সিন্দুরকোটা ভোট কেন্দ্রে কয়েকজন যুবক জাল ভোট দেওয়ার অপচেষ্টা করে। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কাওছার আলী ও বরকত আলীকে আটক করে। জাল ভোট দেয়ার অপরাধে ওই দুই জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো পাঁচ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডবিধির ১৭১ (চ) ধারায় এ রায় দিয়ে দণ্ডপ্রাপ্ততের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট শাহীনা শবনম।
এদিকে কষবা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের বাধা দেয়ার অপরাধে আওয়ামী লীগ কর্মী কষবা গ্রামের আব্দুল মজিদ ও আবুল ফজলকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১০ দিন করে কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন। ওই দু’জন গাংনী থানায় আটক রয়েছে। জরিমানা পরিশোধ হলে তাদের ছেড়ে দেওয়া হবে। একই ভ্রাম্যমান আদালত বাশবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বাশবাড়ীয়া গ্রামের খাইরুল আলমের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। পেশী শক্তির ব্যবহারের পরাধে দন্ড-বিধির ১৭১ (চ) ধারায় এ আদেশ দেওয়া হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন।