বিনোদন ডেস্ক: সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে সাহারা অভিনীত ‘ঢাকা টু বোম্বে’ ছবিটি মুক্তি পায়। সে সময়ও ছবির প্রচারে এগিয়ে আসতে দেখা যায়নি তাকে। হঠাৎ করে সাহারার কেন এই লুকোচুরি তা সবার কাছে রহস্যজনকই রয়ে গেছে।
সাহারার এক সময়ের ঘনিষ্ঠজনরাও এ ব্যাপারে অবগত নন। তবে চারদিকে জোর গুঞ্জন, সাহারা গোপনে বিয়ে করেছেন এবং মা হতে চলেছেন। মূলত এ কারণেই তাকে গত ছয় মাসেও জনসম্মুখে দেখা যায়নি। তবে সাহারার পক্ষ থেকে বিষয়টি বারবার অস্বীকার করা হয়েছে।
তবে আগামী ২১ মার্চ তার অভিনীত সর্বশেষ ছবি ‘তোকে ভালোবাসতে হবে’ মুক্তি পাবে। রাজু চৌধুরীর পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সাহারাও এ ছবিটির মুক্তির ব্যাপারে অবগত রয়েছেন। তবে জনসম্মুখে এসে এর প্রচার চালাবেন কিনা তা নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের সংশয় রয়েছে।
গত মঙ্গলবার ‘তোকে ভালোবাসতে হবে’ ছবিটি প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে দীর্ঘ সময় কথা হয়। তিনিই ছবির মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, প্রায় দেড় মাস আগে সাহারার সঙ্গে তার দেখা হয়েছিল। তবে ইদানীং তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
এদিকে, অনেক আগে এফআই মানিকের ‘বিয়ে আমি করবো’ ছবিতে অভিনয় শুরু করেছিলেন সাহারা। কিন্তু এর কাজ এখনো শেষ হয়নি। তাই শাকিব-সাহারা জুটি অভিনীত এ ছবিটির ভবিষ্যত এখন অনিশ্চিত।
২০০৪ সালে ‘রুখে দাঁড়াও’ ছবির মাধ্যমে সাহারার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান। এ পর্যন্ত অর্ধশতকেরও বেশি জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন সাহারা। তার অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘ভালোবেসে বউ আনবো’, ‘বলবো কথা বাসর ঘরে’, ‘রাস্তার ছেলে’, ‘পাঁচ টাকার প্রেম’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘আমার পৃথিবী তুমি’, ‘প্রেম কয়েদি’ প্রভৃতি।