সিসি নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা রোববার থেকে শুরু হচ্ছে। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ বছর সারা দেশে মোট চার লাখ ৭৫ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে প্রথম বর্ষে এক লাখ ৮৩ হাজার ৫৬৯ জন, দ্বিতীয় বর্ষে এক লাখ ৩৭ হাজার ৫৪৬ জন, তৃতীয় বর্ষে এক লাখ ৫৩ হাজার ৬২২ জন, সার্টিফিকেট কোর্সে এক হাজার ১৬২ জন, বি-মিউজিকে ৭২ জন এবং ক্রীড়াবিজ্ঞানে ৩৪ জন। মোট এক হাজার ৬২৭টি কলেজের শিক্ষার্থীরা ৬৬৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা ২ মার্চ থেকে ৫ মে পর্যন্ত প্রতিদিন ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। জরুরি প্রয়োজনে ৯২৯১০১৭ এবং ৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।