মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে ধর্ষণ চেষ্টার ঘটনায় হেমায়েত (৩৫) নামের এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি হরিরামপুর থানায় কর্মরত ছিল।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যার দিকে হেমায়েত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বকচর গ্রামের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তিনি পালিয়ে যান।
হেমায়েত ওই শিশুটির বাড়িতে নিয়মিত যাতায়াত করতো। শিশুটির পরিবারের সাথে তার সুসম্পর্ক ছিল বলে এলাকাবাসী জানায়।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (মানিকগঞ্জ সদর সার্কেল) কামরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত মেয়েটির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।