কুমিল্লা: বরুড়া উপজেলার পয়ালগাছায় ওয়াজ মাহফিলে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার বিকাল ৫টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
পয়ালগাছা সমাজকল্যাণ পরিষদ নামের একটি সংগঠন রোববার বিকাল ৫টায় স্থানীয় পয়ালগাছা হাইস্কুল মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করে। স্থানীয় আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধারা এটিকে জামায়াতের ওয়াজ মাহফিল বলে অভিযোগ এনে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।
উপজেলা প্রশাসন এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় রোববার বিকেল ৩টায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করে।
বরুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নূসরাত সুলতানা জানান, ওয়াজ মাহফিলের আয়োজনকারীরা কোনো অনুমতি নেয়নি। এক পক্ষ এই ওয়াজ মাহফিলের বিরুদ্ধে অভিযোগ করায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।