বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে জমি-জমার বিরোধের জের ধরে আলতাফ হোসেন নামে হতদরিদ্র এক কৃষকের রোপন করা বোরো ধানের চারা তুলে ফেলেছে দূর্বৃত্তরা। ওই কৃষকের তিনবিঘা জমির বোরো ধানের চারা রাতের অন্ধকারে উপড়ে ফেলেছে দূর্বৃত্তরা। এ ব্যাপারে কৃষক আলতাফ হোসেন বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকরপুর চাড়ালির বিল এলাকায়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার কালুপাড়া ইউনিয়নের খাজেরের পাড়া গ্রামের কৃষক আলতাফ হোসেন প্রায় ৪০ বছর আগে সরকারের কাছ থেকে তিন বিঘা জমি লিজ নেয়। এরপর থেকে তিনি ওই জমি চাষাবাদ করে আসছে। গত সাত/আট বছর আগে একই ইউনিয়নের শংকরপুর উত্তরপাড়ার প্রভাবশালী আব্দুল কাইয়ুমের দৃষ্টি পড়ে ওই জমির ওপর। আব্দুল কাইয়ুম ওই জমি তার নিজের দখলে নেওয়ার জন্য নানা কুট কৌশুল করে আসছিল। এমনকি ওই জমির অবৈধ কাগজপত্র তৈরি করে আব্দুল কাইয়ুম। এক পর্যায়ে গত সোমবার গভীর রাতে কাইয়ুমের নের্তৃত্বে একদল দূর্বৃত্ত হতদরিদ্র কৃষক আলতাফের ৩ বিঘা জমিতে রোপন করা বোরো ধানের চারা তুলে ফেলে।
কৃষক আলতাফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ওই জমি স্থায়ীভাবে লিজ নিয়ে চাষাবাদ করে আসছি। লোভ সামলাতে না পেরে জাল দলিল সৃষ্টি করে প্রভাবশালী আব্দুল কাইয়ুম ও তার লোকজনরা আমার ওই জমির বোরো ধানের চারা তুলে ফেলে তছনছ করেছে। এদিকে প্রভাবশালী আব্দুল কাইয়ুম তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা চারা তুলেছে তা আমি জানি না। তবে ক্রয় সুত্রে ওই জমির মালিক আমি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুর রহমান চৌধুরী বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।