লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্পের ভাটিতে চন্ডিমারী বাধ সংলগ্ন এলাকায় বুধবার দুপুরে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় দুটি বোমা মেশিন জব্দ করেছে পানি উন্নয়ন বোর্ড।
পাউবি’র প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রকৌশলী হাফিজুর রহমান জানান, ওই এলাকায় একটি প্রভাবশালী মহল বেশ কিছুদিন ধরে অবৈধভাবে পরিবেশ দূষনকারী বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করে আসছে। ফলে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ হুমকির মুখে পড়ছে। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান ও হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ তাপস সরকারের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি বোমা মেশিন জব্দ করা হলেও মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। পরে বোমা মেশিন দুটি হাতীবান্ধা থানায় জমা দেয়া হয়। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ তাপস সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের হয়েছে।