পাবনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান ডিগ্রী পরীক্ষার ইংরেজি ১ম পত্রের ওএমআর শীট সম্বলিত ১১টি লেখা খাতা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় এক ডিগ্রী পরীক্ষার্থীসহ তিন জনকে আটক করা হয়। ডিবি পুলিশের ওসি ছকির উদ্দিন জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পরীক্ষায় পাশ করানোর চুক্তিতে একটি চক্র পাবনা শহরের এআর প্লাজায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাদা খাতা পরীক্ষার্থীদের দিয়ে লিখে নিচ্ছে বুধবার এ খবর পায়। এ সময় ডিবি পুলিশ এআর প্লাজার বাটা’র দোকানের সামনে থেকে পাবনা সদর থানার নলদা বাজারপাড়ার আব্দুল গফুর খাঁ’র ছেলে শফিকুল ইসলাম (২৮), পাবনা সদর থানার হলুদবাড়িয়া গ্রামের হাতেম আলী মোল্লার ছেলে ইলিয়াস হোসেন (৪৮) ও পাবনা কলেজের ডিগ্রী পরীক্ষার্থী সুজানগর উপজেলার চাঁদ আলীর মেয়ে মোছা. চন্দনা খাতুনকে (২২) ১১টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের লেখা খাতাসহ আটক করে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম ও ইলিয়াস আলী জানিয়েছে, তারা ৮ থেকে ১০ হাজার টাকার চুক্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী পরীক্ষার ইংরেজি বিষয়ে পাস করানোর জন্যে ছাত্রদের দিয়ে এসব খাতা লিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দেবে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, সরকারি মহিলা কলেজ ও পাবনা কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে চুক্তির ভিত্তিতে তারা এসব খাতা লিখেছিল। আটককৃত ২ জন আরও জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চক্রের সাথে তারা এ কাজে লিপ্ত। যেসব পরীক্ষার্থীরা কোন বিষয়ে নিশ্চিত ফেল করবে সে বিষয়ের সাদা খাতা ওই বিশ্ববিদ্যালয় থেকে এনে পরীক্ষার্থীদের দিয়ে পুনরায় লিখে তারা খাতা বদল করতো বলেও জানায়। এ ব্যাপারে পাবনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।