সিসি ডেস্ক: মুন্সীগঞ্জের সিনিয়র আইনজীবী কাজী ওবায়দুল ইসলাম সিপন নিখোঁজ হওয়ার প্রতিবাদে ও তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে পৌনে ১১ টা পর্যন্ত মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণের সড়কে জেলা বারের সকল আইনজীবীর ব্যানারে শতাধিক আইনজীবী এ কর্মসূচি পালন করেন। পরে সেখানেই জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মাসুদ আলমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট সালাউদ্দিন ঢালী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. তোতা মিয়া, সাবেক যুগ্ন-সম্পাদক এডভোকেট রোজিনা ইয়াসমিন, এপিপি সিরাজুল ইসলাম পল্ট,ু বর্তমান কমিটির কোষাধ্যক্ষ এডভোকেট আব্দুল হান্নান জুয়েল, এডভোকেট কাজী মোজাম্মেল হোসেন রুমেল, এডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ প্রমুখ। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম জানান, গত ২৮ শে ফেব্রুয়ারি রাত ৭টায় সহকর্মী আইনজীবী সিপন তার শহরের ইদ্রাকপুরের বাসা থেকে কিশোরগঞ্জে তার বোনের বাড়ি যাওয়ার কথা বলে বের হয়। এর পর ওই দিন রাত ১২ টা পর্যন্ত আইনজীবী সিপনের সঙ্গে স্ত্রী রেনু বেগমের মোবাইল ফোনে কথা হয়। পরে ওইদিন দিবাগত রাত ১ টার পর থেকে আইনজীবীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে নিখোঁজ হন আইনজীবী সিপন। এ ঘটনায় গত ৩রা ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে নিখোঁজ আইনজীবীর শ্বশুর আব্দুল হাকিম বাদী হয়ে সদর থানায় জিডি করেছেন। জিডি নম্বর ১২২। তিনি আরো জানান, গত ৪ঠা ফেব্রুয়ারি সিপনকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পাবনার সাথিয়ায় উদ্ধার করা হয়েছে খবর দিয়ে এক প্রতারক হাসপাতালে নিয়ে চিকিৎসার করানোর কথা বলে বিকাশের মাধ্যমে (যার মোবাইল ও বিকাশ নম্বর ০১৮৫৬১৭৩৫২৫) তাদের কাছ থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম বলেন, থানায় জিডি এন্ট্রি হওয়ার পর নিখোঁজ আইনজীবীর সন্ধানে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।