ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আন্দোলনের নামে হরতালের মতো কর্মসূচি দেবেন না। এ ধরনের কর্মসূচি দিলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। তিনি বলেন, আমাদের এখনো পাঁচ বছর সময় আছে। এর মধ্যে দেশের অর্থনীতির ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করতে দেব না।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে গার্মেন্ট অ্যাক্সেসরিজ প্যাকেজিং মেশিনারি ফেব্রিকস অ্যান্ড টেকনলোজি ট্রেড শো অ্যান্ড সিম্পোজিয়াম (গ্যাপেক্সপো) ২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদাকে উদ্দেশ্য করে তোফায়েল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আপনি যে স্বপ্ন দেখেন সে স্বপ্ন সংশোধন করে নেন। এ স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। তোফায়েল অর্থনীতির চাকা সচল রাখতে হরতাল-অবরোধের মতো কর্মসূচি বিরুদ্ধে সকল দল মিলে একটি জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান।