ঢাকা: রাজধানীর গুলিস্তানে ফলের দোকানে একটি অজগরের বাচ্চা পাওয়া গেছে। এক ফুটের মতো এর দৈর্ঘ্য। এখনো চোখ ফোটেনি।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অজগরের বাচ্চাটির সন্ধান পাওয়া যায়। সুন্দরবন স্কয়ার মার্কেটের পূর্ব পাশে মো. জিয়ার ফলের দোকানের একটি বাক্সে এটি ছিল।
ব্যবসায়ী জিয়া জানান, বৃহস্পতিবার সকালে সদরঘাট বাদামতলী থেকে তিন বাক্স কমলা কিনে আনেন তিনি। বাক্স খুলতে গিয়ে তিনি দেখতে পান অজগরের বাচ্চাটি কমলার উপর নড়াচড়া করছে। এসময় তিনি ভয়ে সেখান থেকে সরে পড়েন। পরে আশ-পাশের লোকজন এসে সাপটিকে সরিয়ে নেন।
এদিকে পোষার জন্য বাচ্চা সাপটি নিয়ে গেছেন গাংচিল পরিবহনের মালিক ইসমাইল হোসেন। তিনি এটিকে প্লাস্টিকের একটি কৌটায় রেখেছেন। খাবার হিসেবে দিয়েছেন কয়েক টুকরো মাংস। তবে ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তিকে বলতে শোনা গেছে, অজগরের বাচ্চাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হেফাজতে নেওয়া হলেই এর বেঁচে থাকার নিশ্চয়তা বেশি থাকতো।