ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বেসরকারী শিক্ষক-কর্মচারীদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৭ দফা দাবী আদায়ের জন্য কুড়িগ্রামের ফুলবাড়ীতে সমাবেশ হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখা বুধবার দুপুরে উপজেলা সদরে ওই সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষক নেতৃবৃন্দ। সমাবেশের পূর্বে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ফুলবাড়ী জছি মিঞা মডেল উচ্চ বিদ্যালয়ে মিলিত হয় এবং সেখান থেকে মিছিল বের করে ইউএনও অফিসের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবেদ আলী, রাবাইতাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল হক, ফুলবাড়ী আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোর্শেদুল ইসলাম, শিক্ষক নেতা ওবায়দুল হক ও আকতারা বেগম।