বিনোদন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেলেও সাংসদ পদ ধরে রেখেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবীর সুমন। এবার জানালেন যাদবপুরের আসনটি সহজে ছাড়ছেন না। এখান থেকেই নির্দলীয় প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে লড়ার ভাবনাচিন্তা করছেন তিনি।
গত লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে যাদবপুর কেন্দ্রের সাংসদ হয়েছিলেন কবীর সুমন। হারিয়েছিলেন সিপিএমের সুজন চক্রবর্তীকে। কিন্তু সাংসদ হওয়ার দেড় বছরের মধ্যেই দলের নেতাদের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। কয়েক মাসের মধ্যেই তৃণমূলের সঙ্গে সম্পর্কে পুরোপুরি ইতি পড়ে যায়। তবে দল থেকে বহিষ্কার হননি। নিজেও সাংসদ পদ ছাড়েননি।
এবার প্রত্যাশামতোই সুমনকে আর প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। তাঁর জায়গায় দাঁড়িয়েছেন সুগত বসু। কিন্তু সহজে জমি ছাড়তে নারাজ সুমন। গণমাধ্যমকে জানালেন, শরীর ঠিক থাকলে যাদবপুর থেকেই নির্দলীয় প্রার্থী হিসেবে ভোটে লড়বেন তিনি।