ভোলা: কোস্ট গার্ড দক্ষিণ জোন’র (ভোলা) আওতাধীন মেহেন্দীগঞ্জ থানার কালীগঞ্জ কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে এক জলদস্যুকে আটক করেছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা ইনচার্জ মোঃ কলিমুল্যাহ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে চিফ পেটি অফিসার এম,এ রউফের নেতৃত্বে কোস্ট গার্ড সদস্যরা কলাতলী নামক এলাকায় একটি ট্রলারে ডাকাতিকালে জলদস্যু সেকান্দর (৪০)কে আটক করে। শুক্রবার সকালে তাকে মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, কলাতলী এলাকায় আল্লাহর দান নামক একটি ট্রলারে জলদস্যুরা ডাকাতি করার গোপন সংবাদ পেয়ে কোস্ট সদস্যরা অভিযান চালায়। এসময় কোস্ট গার্ড ও জেলেরা জলদস্যুদের ধাওয়া দিলে সেকান্দর নামক এক দস্যু নদীতে পড়ে যায় ও অন্যরা ট্রলারসহ পালিয়ে যেতে সক্ষম হয়। জলদস্যু সেকান্দর লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরসিতা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।