মেহেরপুর: চাঁদা না দেওয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেলের মেহেরপুর জেলা প্রতিনিধি আতিকুর রহমান টিটুকে পিটিয়েছে সন্ত্রাসীরা। শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
টিটু জানিয়েছেন, পন্ডের ঘাট এলাকা দিয়ে যাওয়ার সময় পন্ডের ঘাট এলাকার সবুর আলীর ছেলে বায়েজিদ (৩০) মসজিদের নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সে টিুটুকে কাঠের বাটাম দিয়ে মারধর শুরু করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক টিটু। বায়েজিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান মেহেরপুর সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান।
মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করা হয়েছে।