গাজীপুর: কয়েকজন অস্ত্রধারী গাজীপুর শহরের একটি স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এ সময় এলাকাবাসী ও স্কুলের ছাত্ররা অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে।
আটককৃতরা হলো- গাজীপুর সদরের বাসন এলাকার হারুন মিয়ার ছেলে ইমরান (২৪), একই এলাকার রহম আলীর ছেলে আজিজুল হাকিম রকি (১৭) ও আব্দুল হান্নানের ছেলে মো. রনি (২২)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর সদরের বাসন এলাকার তৈজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভিতরে ঢুকে শনিবার সকালে ওই স্কুলের ছাত্র খায়রুল ইসলাম তন্ময়কে মারধোর করে স্থানীয় যুবক আজিজুল হাকিম রকি। এ ঘটনা তন্ময় তার বাড়িতে গিয়ে জানালে অভিভাবকরা স্কুলে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানায়। এ খবর পেয়ে রকি ক্ষিপ্ত হয়ে তার কয়েকজন সহযোগী নিয়ে স্কুলে যায় এবং এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে স্কুলের ছাত্র ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। এক পর্যায়ে এলাকাবাসী ও স্কুলের ছাত্ররা ধাওয়া করে অস্ত্রসহ তিনজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার কবল থেকে আটক তিন যুবককে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ উদ্ধার আটক জয়দেবপুর থানায় নিয়ে আসে। এসময় লোকজন পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির এসআই একরামুল হক জানান, আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটকৃতদের মধ্যে আজিজুল হাকিম রকি ওই স্কুলের এসএসসি পরীক্ষার্থী এবং রনি ও ইমরান দশম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।