নীলফামারী প্রতিনিধি: স্বল্পমুল্যে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে নীলসাগর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শাহানা খানম ফাউন্ডেশন। রবিবার বিকেলে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল সড়কের অনুভব ফাউন্ডেশন কার্যালয়ে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলসাগর গ্রুপের উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ আফজালুল হক, সমাজ সেবা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আব্দুস সোবহান, অনুভব ফাউন্ডেশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা আলী সুজন, আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফজলুল হক তানসেন বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, চিকিৎসার প্রয়োজনে জরুরী রোগী পরিবহনে নীলফামারী থেকে দেশের যে কোন স্থানে অলাভজনক ভিত্তিতে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হবে এছাড়া প্রতিবন্ধি, গর্ভবতি এবং দরিদ্রদের জন্য বিশেষ ছাড়ের মাধ্যমেক অ্যাম্বুলেন্স সেবা পরিচালিত হবে।
উদ্বোধনী দিনে আধুনিক সদর হাসপাতাল থেকে বিনামুল্যে দরিদ্র একজন রোগী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়া হয়।