চট্টগ্রাম: আগামী ২০১৪-২০১৫ অর্থবছরে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজ শুরু হবে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি চট্টগ্রামের পটিয়ায় একটি সেতুর উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন। তিনি আরো বলেন, ‘টানেল নির্মাণে বিনিয়োগ করবে চীনের একটি রাষ্ট্রীয় কোম্পানি। কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণে সাম্ভাব্য ব্যয় হবে ৬ থেকে ৭ হাজার কোটি টাকা।’ মন্ত্রী বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে চীনের একটি উচ্চ পর্যাযের প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তাদের সঙ্গে কর্ণফুলী নদীর তলদেলে টানেল নির্মাণের ব্যাপারে আলোচনা হবে। চীনের প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) টানেলটি নির্মাণের কাজ করবে ।’ ওবায়দুল কাদের বলেন, ‘কর্ণফুলীর টানেলকে ঘিরে চট্টগ্রামে আধুনিক দুটি শহর গড়ে ওঠবে। নদীর এপারে একটি আর ওপারে আনোয়ারা ও পশ্চিম পটিয়ায় হবে নতুন শহর।এতে চট্টগ্রামে যানজট নিরসন হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে। কর্ণফুলী নদীর পতেঙ্গা অংশে টানেল নির্মাণের জন্য সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে টানেল নির্মাণ বিষয়ক সমন্বয় কমিটি।