বরিশাল: বরিশালে প্রকাশ্যে কলেজছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে মহানগর যুবলীগের আহ্বায়কের ছেলে তানিম। সোমবার সন্ধ্যায় নগরীর ফজলুল হক এভিনিউয়ের উদয়ন স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কলেজছাত্রীর দুটি মোবাইল ফোন সেট, পার্স এবং স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুলাভাইয়ের সঙ্গে ওই এলাকা থেকে বাজার রোডের বাড়িতে যাচ্ছিল বিএম কলেজের ওই ছাত্রী। এ সময় সেখানে একটি প্রাইভেট কার নিয়ে হঠাৎ করেই উপস্থিত হন মহানগর যুবলীগের আহ্বায়ক সাবেক কমিশনার নিজামুল ইসলাম নিজামের ছেলে তানিম।
মুহূর্তেই তানিম তার সহযোগীদের নিয়ে রিকশায় থাকা ওই ছাত্রীকে টেনে-হিচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখওয়াত হোসেন।