চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর দুটি ব্যস্ততম ব্যাংকের শাখার ভল্টের চাবি রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। ব্যাংক কর্মকর্তারা বলেছেন চাবি চুরি হয়ে গেছে অথবা হারিয়ে গেছে। ব্যাংক সূত্র জানিয়েছে ইউসিবিএল ব্যাংকের এনায়েত বাজার শাখার মুল ভল্টের তিন সেট চাবির মধ্যে এক সেট চাবি চুরি কিংবা হারিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া। অপরদিকে নগরীর নিউমার্কেট এলাকার অগ্রণী ব্যাংক শাখার মুল ভল্টের চাবি খুঁজে পাচ্ছেন না ব্যাংক কর্মকর্তারা। চাবি হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন এই শাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম।কবে কখন থেকে তারা চাবি হারিয়েছেন বা চাবি চুরি হয়েছে এই বিষয়টি নিশ্চিত করতে না পারলেও মঙ্গলবার রাতে দুই ব্যাংকের কর্মকর্তারা চাবি চুরির ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন। কোতোয়ালী থানা পুলিশ জানায় মঙ্গলবার ইউসিবিএল ব্যাংক, এনায়েত বাজার শাখার ভল্টের এক সেট চাবি হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (নং ৭৯৭) করা হয়েছে। সাধারণত একটি ভল্টের তিন সেট চাবি তিনজনের কাছে থাকে। এর মধ্যে এক সেট চাবি হারিয়েছে বলে থানায় লিখিত ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। একই দিন রাত ৯টার দিকে চাবি হারানোর একই অভিযোগ নিয়ে থানায় যান রাষ্ট্রয়ত্ব অগ্রণী ব্যাংকের নিউ মার্কেট কর্পোরেট শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. রেজাউল করিম। অগ্রণী ব্যাংকের পক্ষ থেকেও থানায় সাধারণ ডায়েরি করা হয়।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম জানিয়েছেন, দুটি ব্যাংকের চাবি হারানোর বিষয়ে থানায় জিডি হওয়ার পর পুলিশ ঘটনার অনুসন্ধান শুরু করেছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে দুটি ব্যাংকের চাবি হারানো এবং জিডির ঘটনাও রহস্যজনক।
ওসি জানান দুটি ব্যাংক শাখার ভল্টের নিরাপত্তা ও ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।